ডেইলি খবর ডেস্ক: মজুরি বাড়ানোর দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনায় অচল হয়ে পড়ে শিল্পাঞ্চলের স্বাভাবিক কার্যক্রম। এ সময় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিক অসন্তোষের কারণে অন্তত ৭০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আগে থেকেই বিভিন্ন এলাকায় ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কর্মস্থলে গিয়ে কাজে যোগ দেন। পরে বেতন বৃদ্ধির দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকেরা একত্র হয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের আন্দোলন ছড়িয়ে পড়ে কোনাবাড়ী, জরুন, মৌচাক, ভোগড়া বাইপাস, সালনা, মেম্বারবাড়ি, বাঘের বাজার ও মৌচাকসহ বিভিন্ন এলাকায়।
এদিন সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আধা ঘণ্টা অচলাবস্থা চলার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দিলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।
এদিকে, একজন শ্রমিক আহত হওয়ার জের ধরে মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসব এলাকার শ্রমিকেরা মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দিকে যাওয়ার চেষ্টা করলে একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় ওই এলাকার বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এ ছাড়া মৌচাক, ভোগড়া বাইপাস, সালনা ও আশপাশের শিল্পাঞ্চলেও শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নাওজোর এলাকার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে চান্দনা চৌরাস্তায় অবরোধের চেষ্টা করে। ভোগড়া বাইপাস এলাকায় সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। দুপুরে নগরীর ডেগের চালা এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হয়। বিভিন্ন স্থানে শ্রমিকদের অবস্থানের কারণে মহাসড়ক ও সংযোগ সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পর্যায়ক্রমে সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন গণমাধ্যমকে জানান, জেলার বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন-শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার শ্রমিক অসন্তোষের কারণে ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে থেকেই বিভিন্ন এলাকায় ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। দুপুরে পরিস্থিতির স্বাভাবিক হয়ে যায়।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :