শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের ভৈরবে অফিসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার ৪ দিন পর জনতা ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ বুধবার সন্ধ্যায় উপজেলার কালিকাপ্রাসাদ এলাকার বিসিক শিল্প নগরীর বিপরীত পার্শ্ব থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যাংক কর্মকর্তা আলমগীর হোসেনের (৩৮) বাড়ি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর লম্বাহাটি গ্রামে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান আকন্দ জানান, আলমগীর হোসেন জনতা ব্যাংকের ভৈরব শাখার কর্মকর্তা। তার স্ত্রী তাছলিমা ভৈরবে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। এই দম্পতি উপজেলার কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকায় বসবাস করেন। গত রবিবার সকাল সাড়ে আটটায় ঘর থেকে অফিসের উদ্দেশ্যে বের হন আলমগীর। পরে অফিস থেকে জানানো হয়, তিনি অফিসে যাননি। তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ওই দিনই ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি করেন আলমগীরের স্ত্রী তাছলিমা আক্তার। আজ সন্ধ্যায় স্থানীয়রা কালিকাপ্রাসাদ এলাকার বিসিক শিল্প নগরীর বিপরীত পার্শ্বে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি মো. আতাউর রহমান আকন্দ আরও জানান, মরদেহের শরীরে কোন ক্ষত চিহ্ন নেই। তবে মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। আপাতত একটি অপমৃত্যু মামলা রুজু করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :