শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৯:৪৫ এএম

বিএনপি-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ

আইন-অপরাধ ডেস্ক: মাদারীপুরের কালকিনিতে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় প্রায় দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতের এ ঘটনায় দুই পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

রাত ৯টার দিকে কালকিনি পৌর মাছ বাজার এলাকায় এ সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান মাহমুদ। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদে সরে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালকিনি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রাম থেকে মিছিল বের করেন। মিছিলটি পৌর মাছ বাজার অতিক্রম করে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা পাল্টা মিছিল বের করেন।

একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় উভয় পক্ষের লোকজনের ছোড়া হাতবোমা বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও মাদারীপুর এসআরবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

বিএনপি-আ.লীগ পালটাপালটি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি জানান, তারা শান্তিতে বিশ্বাস করেন এবং কোনো ধরনের দ্বন্দ্ব চান না। তবে নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।কালকিনি থানার ওসি সোলাইমান মাহমুদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও এসআরবি মোতায়েন করা হয়েছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।সংগৃহীত ছবি


 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!