সংবাদ বিজ্ঞপ্তি: সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক সহ-সভাপতি সালিশ ব্যক্তিত্ব হাজী ফারুক আহমদ গত বুধবার রাত ১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ আছর নগরীর মাছিমপুরস্থ সি এন্ড বি জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট ব্যবসায়ী সমিতি এবং যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবিবৃতিতে এই শোক প্রকাশ করেন সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম, সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন এবং যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সভাপতি হাজী মকবুল হোসেনসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, মরহুম হাজী ফারুক আহমদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব। জীবদ্দশায় তিনি মাছিমপুর সিএমবি (সি এন্ড বি) জামে মসজিদের মুতাওয়াল্লি, হযরত নাসির উদ্দিন শাহচট জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন অভিভাবক ও নিঃস্বার্থ সমাজকর্মীকে হারাল। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :