মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

টানা ৯ দফায় কমার পর এবার একটু বাড়ল সোনার দাম

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ১২:০১ পিএম

টানা ৯ দফায় কমার পর এবার একটু বাড়ল সোনার দাম

ডেইলি খবর ডেস্ক: টানা নয় দফায় কমার পর এবার সোনার দাম ঊর্ধ্বমুখী। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, এখন থেকে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। যা গতকাল ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। অর্থাৎ ভরিতে প্রায় ৩ হাজার ১৪৯ টাকা বেড়েছে।

আজ সোমবার (২৩ নভেম্বর) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। এ কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনা ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলেও জানিয়েছে বাজুস।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩১ হাজার ৮৬২ টাকা।

অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার বিনিময়ের (এক্সচেঞ্জ) ক্ষেত্রে ৯ শতাংশ এবং পুরোনো অলংকার কেনার (পারচেজ) ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

২০২৬ সালজুড়ে দেশের ও আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের অস্থিরতা এবং ধারাবাহিক পতন দেখা গেছে।

চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। সে সময় বাজুস ঘোষিত ভরিপ্রতি দর ছিল ২ লাখ ৮৬ হাজার ১ টাকা, যার সঙ্গে ক্রেতাদের আলাদা ৫ শতাংশ ভ্যাট দিতে হতো। ভ্যাটসহ সে সময় ক্রেতাদের প্রতি ভরি সোনা কিনতে খরচ হতো প্রায় ৩ লাখ ৩০০ টাকা।

সেই হিসাবে জানুয়ারির সর্বোচ্চ দরের তুলনায় বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি সোনায় দাম কমেছে প্রায় ১ লাখ ৫ হাজার ৩৩৭ টাকা (প্রায় ৩৫ শতাংশ। এর আগে ২০২৫ সালের ৬ অক্টোবর দেশে প্রথমবারের মতো ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ টাকা ছাড়িয়েছিল।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি নভেম্বরেই টানা ৯ দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে প্রায় ৩৪ হাজার ৭০০ টাকা কমেছে। ২০২৬ সালে এখন পর্যন্ত বাজুস মোট ১৪২ বার সোনার দাম সমন্বয় করেছেযার মধ্যে ৭৬ বার দাম কমানো হয়েছে ও ৬৫ বার বাড়ানো হয়েছে (একবার ভ্যাট সমন্বয়)।

আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ৫ হাজার ৫৯৫ ডলারে উঠেছিল। তবে এর পর থেকে তা কমতে শুরু করে এবং গত শুক্রবার (২০ নভেম্বর) প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৫১৯ ডলারে নেমে আসে, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।

বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, ২০১৫ সালের পর চলতি বছরটিই বিশ্ববাজারে সোনার দামের ক্ষেত্রে সবচেয়ে বড় পতনের বছর হতে যাচ্ছে।ফাইল ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!