বিজনেস ডেস্ক: চলতি অক্টোবর মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৫১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এর ফলে দেশের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩০৮ বিলিয়ন মার্কিন ডলারে।
গত বছরের একই সময়ে দেশে ১৩৫ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে মাসের প্রথম দুই সপ্তাহে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ২ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মাসের ১৪ অক্টোবর এক দিনেই দেশে ১১ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। মাসের প্রথম দুই সপ্তাহে প্রবাসীদের পাঠানো অর্থের এই প্রবাহ দেশের মোট রেমিট্যান্স আয়ে ইতিবাচক প্রবৃদ্ধির চিত্র তুলে ধরেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৮৯৩ কোটি ৭০ লাখ ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩০৮ বিলিয়ন মার্কিন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৫০১ বিলিয়ন ডলার। ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :