আইনঅপরাধ ডেস্ক: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবিরের দায়ের করা হামলা ও হত্যার হুমকির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।রোববার (২৪ মে) সন্ধ্যার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ‘ফ্যামিলি জোন’ মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা-পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক উদ্ভূত পরিস্থিতি নিয়ে এনসিপি নেতা তারেক রেজা রোববার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মিলনায়তনের সামনে পৌঁছামাত্রই পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামানসহ পুলিশ, সাদা পোশাকের বিশেষ দল এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে গতকাল শনিবার এনসিপি নেতা তারেক রেজাসহ কয়েকজনের নামে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান চলমান রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ মে (শুক্রবার) ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের হাতাহাতি, মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ওই সংঘর্ষের ঘটনায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় ৮ নেতাকর্মীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেন। এরই জের ধরে পরদিন শনিবার দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে পাল্টা মামলা দায়ের করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির। ছাত্রদলের দেওয়া ওই মামলাতেই রোববার সন্ধ্যায় তারেক রেজাকে গ্রেপ্তার করল পুলিশ। ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :