বুধবার, ১০ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভৈরব রেল স্টেশন ৭ ঘন্টাব্যাপী রণক্ষেত্র, বন্ধ ছিল ঢাকা-সিলেট-চট্টগ্রাম ও ময়মনসিংহ রুটে ট্রেন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৯:০৩ এএম

ভৈরব রেল স্টেশন ৭ ঘন্টাব্যাপী রণক্ষেত্র, বন্ধ ছিল ঢাকা-সিলেট-চট্টগ্রাম ও ময়মনসিংহ রুটে ট্রেন

আমিনুল ইসলাম সুমন (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে টানা ৭ ঘন্টাব্যাপী দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮ পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত ভৈরব বাজার (জংশন) রেলস্টেশনের প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।এসময় ঢাকা থেকে সিলেট চট্টগ্রাম ও ময়মনসিংহ রুটে ৫ ঘণ্টা যাবত রেল যোগাযোগ সম্পুর্ন বন্ধ থাকে। অন্তত ৬টি ট্রেন পার্শ্ববর্তী বিভিন্ন স্টেশন ও পথে আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।এক পর্যায়ে সংঘর্ষকারীরা স্টেশনমাস্টারের কক্ষসহ বেশ কয়েকটি কক্ষে ভাঙচুর চালায়।
আহত পুলিশ সদস্যদের মধ্যে এসআই সাইফুল, এসআই জহুরুল ইসলাম, কনস্টেবল মেহেদী হাসান, সুলতান মাহমুদ, মিন্টু মিয়া, মাহমুদুল হাসান ও দাউদ নবী রয়েছেন। গুরুতর আহত হয়েছেন এসআই সাইফুল ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য মুছা।
স্থানীয়রা জানায়, ১৪-১৫ দিন আগে ভৈরব পৌর এলাকার পঞ্চবটী ও জগন্নাথপুরের যুবকদের মাঝে একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল। সেই ফুটবল খেলায় দুই পক্ষের মাঝে তর্কাতর্কির এক পর্যায়ে ঝগড়া হয়। এই ঝগড়ার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জগন্নাথপুরের সোহেল মিয়ার ছেলে লিয়ামকে (১৭) পঞ্চবটীর ছেলেরা পথ আটকে মারধর করে। খবর পেয়ে দুই পক্ষ রেল লাইনের পাথর ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় রণক্ষেত্রে পরিনত হয় রেলস্টেশন এলাকা।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারাও হামলার শিকার হন। পরে, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে কয়েক ঘন্টার চেষ্টায় রাত দুইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান ওসি।
ভৈরব বাজার (জংশন) রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউছুফ জানান, হামলা ও ভাঙচুরে স্টেশনের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাত সোয়া নয়টা থেকে দুইটা পর্যন্ত ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকে।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!